|
| বিস্তারিত |
শিবির ক্যাডার আরাফাতের রিমান্ড শুনানি ৮ সেপ্টেম্বর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও ছাত্রলীগকর্মী ফারুক হত্যা মামলার অন্যতম আসামি শিবির ক্যাডার আরাফাত হোসেন ইতির (২৮) বিরুদ্ধে করা রিমান্ডের শুনানি আগামী ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আদালত এ সময় তাকে জেল-হাজতে প্রেরণের নির্দেশ দেয়।
সোমবার দুপুর ২টায় মতিহার থানা পুলিশ তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে। এর আগে, তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখানো হয়।
উল্লেখ্য, রোববার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীর কুমারপাড়া এলাকাস্থ আওয়ামী লীগ অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
তার বাড়ি নগরীর মতিহার থানাধীন ধরমপুর এলাকায়। বাবার নাম কামালউদ্দিন।
গ্রেফতারের পর তাকে বোয়ালিয়া মডেল থানায় জিজ্ঞাসাবাদ করা হয় বলে পুলিশ জানায়।
বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন জানান, মহানগর আওয়ামী লীগ অফিসের সামনে রাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় পুলিশ তাকে গ্রেফতার করে।
তিনি আরো জানান, গ্রেফতারের পর তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। শিবির ক্যাডার আরাফাত গত ৮ ফেব্রুয়ারি রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারুক হোসেন হত্যাসহ একাধিক মামলার আসামি।
পুলিশের অভিযোগ, আরাফাত হোসেন শিবিরের অস্ত্র ও বিস্ফোরক বিশেষজ্ঞ হিসাবে পরিচিত।
মোতিহার থানার সেকেন্ড অফিসার সোহেল রানা জানান, ফারুক হত্যা মামলায় সম্প্রতি আরাফাত হোসেন জামিনে বের হয়ে আসেন। সে স্থানীয় পুলিশের তালিকায় একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। তাকে বিভিন্ন সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতে দেখা গেছে।
দি-এডিটর/প্রতিনিধি/এমএআর/০৬/০৯/১০ | |
|
|