|
| বিস্তারিত |
গৌরীপুরে এবার ২২ হাজার হেক্টর জমিতে রোপা আমন চাষ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় এ মৌসুমে প্রায় ২২ হাজার হেক্টর জমিতে রোপা আমন চাষ করা হয়েছে। যদিও ভরা বর্ষায় তেমন বৃষ্টি না হলেও উঁচু জমির কৃষকেরা প্রকৃতির উপর নির্ভর না করে সেচ দিয়ে আমন আবাদ শেষ করেছেন।
এ বছর এলাকায় আমন চারার সংকট না থাকলেও বৃষ্টির পানি সংকটে কিছুটা বাঁধাগ্রস্ত হয়েছে আমন চাষ। এ ক্ষেত্রে মৌসুমের শুরুতেই প্রয়োজনীয় বৃষ্টির অভাবে অল্প জমা পানিতে নীচু জমির কৃষকেরা রোপন কাজ চালিয়ে গেলেও কিছু সময়ের জন্য বিপাকে পড়ে যায় উঁচু জমির কৃষকেরা।
পরে তারা সেচযন্ত্র দিয়ে জমিতে পানি তুলে আমন আবাদ প্রায় শেষ করেছে। কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌর শহরে চলতি মৌসুমে ২২ হাজার হেক্টর জমিতে আমন আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়। তার মাঝে ১৬ হাজার ৮শ ৭০ হেক্টর জমিতে উফশি জাতের ও ৪ হাজার ১শ ৬০ হেক্টরে স্থানীয় জাতের ধানের আবাদ করা হয়েছে।
ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা নিলুফা আক্তার জানিয়েছেন, এবার লক্ষমাত্রার চেয়ে আমন আবাদ বেশি হয়েছে। এ ক্ষেত্রে প্রকৃতি বিরূপ না হলে উৎপাদিত উফশি জাতের আমন ধানে চাউল হবে ৪৬ হাজার ৮শ ৯৯ মেঃ টন ও স্থানীয় জাতের হবে ৬ হাজার ২শ মেঃ টন। এতে এলাকার খাদ্য চাহিদা পুরণ হয়ে বাদবাকী শস্য জাতীয় খাদ্য ভান্ডারে যোগান দেওয়া সম্ভব হবে।
উল্লেখ্য, গৌরীপুরে বোরো ও রোপা আমন মিলে দুই মৌসুমে এলাকার খাদ্য চাহিদা রয়েছে ৫১ হাজার মেঃ টন। কিন্তু দুই মৌসুমে উপজেলায় খাদ্য উৎপাদিত হয় সোয়া ১ লাখ মেট্রিক টন।
দি-এডিটর/মো. হুমায়ুন কবির/এমএআর/০৫/০৯/১০ | |
|
|