|
| বিস্তারিত |
এবার কিশোরগঞ্জের অষ্টগ্রাম বিদ্যুৎ অফিসে হামলা-ভাংচুর
নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে এবার কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিক্ষোভ-মিছিল, বিদ্যুৎ অফিস ভাংচুর, পুলিশ সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অষ্টগ্রাম উপজেলার কয়েকশ নারীসহ অন্তত দুই হাজার লোক সদরের খেলার মাঠ থেকে বেলা ১১টার দিকে মিছিল নিয়ে বাজারে আসে। পরে তারা উপজেলার কাস্তুল ইউনিয়নের মসজিদ গ্রামের পল্লী বিদ্যুৎ কার্যালয়ে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর এবং কাগজপত্র তছনছ করে। এ সময় অফিসের কর্মকর্তারা বাইরে চলে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের ধাওয়া দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পরে বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যায়। তারা ঘন্টাব্যাপী সেখানে অবস্থান করে উপজেলা কার্যালয় অবরুদ্ধ করে রাখে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেবাস্টিন রেমা এসে বিদ্যুৎ সমস্যার সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দিলে বিক্ষুব্ধ লোকজন দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নেয়।
পরে উপজেলা মাঠে এক সভায় বিক্ষোভকারীরা বলেন, অষ্টগ্রামে এখন ২৪ ঘন্টার মধ্যে গড়ে এক ঘণ্টার বেশি বিদ্যুৎ থাকে না। এ কারণে এলাকার অধিকাংশ মৎস্য, পোলট্রি ও ক্ষুদ্রশিল্প বন্ধ হয়ে গেছে। নাগরিক জীবনও বিপর্যস্ত হয়ে পড়েছে। এ অবস্থায় বাধ্য হয়ে গৃহবধূ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ বিদ্যুতের দাবিতে বাইরে বের হয়ে এসেছে।
দি-এডিটর/প্রতিনিধি/এমএআর/১২/০৮/১০ | |
|
|