|
| বিস্তারিত |
তিন মাস বন্ধ থাকার পর বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলন শুরু
দিনাজপুরের বড়পুকুরিয়ায় তিন মাস কয়লা উত্তোলন বন্ধ থাকার পর রোববার সকাল থেকে কয়লা খনিতে আবারও উৎপাদন শুরু হয়েছে। সকাল ছয়টা থেকে শ্রমিকেরা কাজে যোগ দেন।
আমাদের প্রতিনিধি জানিয়েছেন, গত তিন মাসে খনি বন্ধ থাকার কারণে উৎপাদনের যে ক্ষতি হয়েছে, সেই ঘাটতি অল্প সময়ের মধ্যে মেটানোর চেষ্টা করবেন শ্রমিকেরা।
উল্লেখ্য, গত ১১ মে সকালে খনির ভূগর্ভে ১১০৮ নম্বর খনিমুখে (কোল ফেইস) বড় ধরনের ভূমিধস হয়। সে সময় ওপর থেকে একটি বিশাল আকারের পাথর খণ্ড খনির ভেতরে রাস্তার ওপর পড়ে। এতে একজন দেশি শ্রমিক মারা যান এবং অন্তত ২০ জন শ্রমিক গুরুতর আহত হন। ওই ঘটনার পর থেকে খনির কয়লা উৎপাদন একেবারে বন্ধ হয়ে যায়।
খনিসূত্রে আরও জানা যায়, ১১০৮ নম্বর খনিমুখে ওই পাথর খণ্ডটি সরানোর ব্যাপারে চীনা বিশেষজ্ঞ ও ব্রিটিশ বিশেষজ্ঞদের মধ্যে পদ্ধতিগত মতপার্থক্য দেখা দেয়। চীনা বিশেষজ্ঞরা ভূগর্ভে ডিনামাইট বিস্ফোরণ ঘটিয়ে পাথর খণ্ডটি সরানোর কথা বলেন।
কিন্তু পেট্রোবাংলার ব্রিটিশ বিশেষজ্ঞরা মনে করেন, ভূগর্ভে প্রচুর পরিমাণ মিথেন গ্যাস থাকায় ডিনামাইট বিস্ফোরণ ঘটালে খনির অভ্যন্তরে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকবে। তাঁরা তীব্র পানির প্রবাহ (হাইড্রো ফ্রাকচার) দিয়ে পাথর খণ্ডটি সরানোর পক্ষে মত দেন।
কোন পদ্ধতিতে পাথর খণ্ডটি সরানো হবে, তা নিয়ে দীর্ঘ আড়াই মাস বিভিন্ন দপ্তরে বৈঠক ও চিঠি চালাচালি চলে। অবশেষে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান ওই খনিমুখে (কোল ফেইসে) বিস্ফোরণ ঘটিয়ে পাথরের চাপ কমান।
বাচ্চু/এমআরএম/১৫-৮-১০
| |
|
|